
রাজশাহী জেলায় ৪ লাখ ১২ হাজারের বেশি কৃষক থাকলেও সেপ্টেম্বর মাসের জন্য টিএসপি সারের বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ১ হাজার ৪৫ মেট্রিক টন। এই পরিমাণ সার দিয়ে প্রত্যেক কৃষককে এক বস্তা করে দেওয়া হলে তা মাত্র ২০ হাজার ৯০০ কৃষকের কাছে পৌঁছাবে। সারের এমন অপ্রতুল বরাদ্দ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) রাজশাহী জেলা ইউনিট।
রবিবার (৩০ আগস্ট) নগরের রেলগেট এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএফএ রাজশাহী জেলা ইউনিটের সভাপতি মো. ওছমান আলী জানান, সরকারি গুদামে সারের পর্যাপ্ত মজুত থাকলেও কৃষকের চাহিদার সঙ্গে বরাদ্দের অসামঞ্জস্য রয়েছে। এর ফলে ডিলার পর্যায়ে চাপ বাড়ছে। তিনি জানান, সেপ্টেম্বর মাসে জেলায় টিএসপি ১ হাজার ৪৫ মেট্রিক টন, এমওপি ১ হাজার ৬২৯ মেট্রিক টন এবং ডিএপি ৩ হাজার ১৫ মেট্রিক টন বরাদ্দ দেওয়া হয়েছে। জেলার ১ লাখ ৮৫ হাজার হেক্টর আবাদযোগ্য জমির জন্য এই বরাদ্দ অত্যন্ত নগণ্য। সমানুপাতিক হারে ভাগ করলে একজন কৃষক মাত্র ২ দশমিক ৫ কেজি টিএসপি, ৪ কেজি এমওপি ও ৭ কেজি ডিএপি সার পাবেন।
সংবাদ সম্মেলনে বিএফএর পক্ষ থেকে সাত দফা দাবি পেশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে কৃষকের প্রকৃত চাহিদা অনুযায়ী বরাদ্দ বাড়ানো, সংকটপূর্ণ এলাকায় দ্রুত উপ-বরাদ্দ প্রদান, মাছ চাষের পুকুরের জন্য সার বরাদ্দ এবং ডিলারদের কমিশন পুনর্র্নিধারণ। এছাড়া ডিলারদের বিরুদ্ধে কোনো ব্যক্তির অনিয়মের দায় পুরো ডিলার সমাজের ওপর চাপিয়ে না দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
বিএফএ নেতারা জানান, রাজশাহীতে বিসিআইসির ৮৬ জন এবং বিএডিসির ১৩০ জনসহ মোট ২১৬ জন সার ডিলার এবং ৪৭৫ জন কার্ডধারী খুচরা বিক্রেতা রয়েছেন। তারা সরকার নির্ধারিত মূল্যে—ইউরিয়া ও টিএসপি প্রতি বস্তা ১ হাজার ৩৫০ টাকা, ডিএপি ১ হাজার ৫০ টাকা এবং এমওপি ১ হাজার টাকা দরে—সার বিক্রি করছেন।
সংবাদ সম্মেলনে সামাজিক যোগাযোগমাধ্যমে সার নিয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ করা হয়, যা কৃষকদের মধ্যে আতঙ্ক তৈরি করছে। এছাড়া অনেক কৃষক কৃষি কর্মকর্তাদের পরামর্শের চেয়ে বেশি সার ব্যবহার করছেন বলে উল্লেখ করা হয়। এ বিষয়ে কৃষকদের বৈজ্ঞানিক ও সুষম পদ্ধতিতে সার ব্যবহারের পরামর্শ দিতে কৃষি বিভাগের প্রতি আহ্বান জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল গণি, নির্বাহী সদস্য সাইদুর রহমান ভুট্টো ও লাল মোহাম্মদ সরদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :