
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের দায়িত্বের পরিধি বাড়ানো হয়েছে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে জানানো হয় যে, নিজের নিয়মিত দায়িত্বের পাশাপাশি এখন থেকে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের অনুপস্থিতিতে তার সব বিষয়ে মন্ত্রীকে সহায়তা করবেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দীর্ঘ সময়ের জন্য দেশের বাইরে অবস্থান করবেন। এই সময়কালীন দায়িত্ব সামলাতেই মূলত হুমায়ুন কবিরকে এই বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। ১৯৯৬ সালের রুলস অব বিজনেস অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ২ জুন জাতিসংঘ সদর দপ্তরে গোপন ব্যালটে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিসকে ৯৯-৯১ ভোটে হারিয়ে ড. খলিলুর রহমান ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। আগামী ৮ সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন, যার জন্য তাকে নিউইয়র্কসহ বিভিন্ন দেশে দীর্ঘ সময় কাটাতে হবে।
বর্তমান সরকারের মন্ত্রিসভার রদবদলের অংশ হিসেবে গত ২১ আগস্ট হুমায়ুন কবিরকে টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর ২৩ আগস্ট জারি করা পরিপত্রের মাধ্যমে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে প্রতিমন্ত্রী-২ হিসেবে দায়িত্ব বণ্টন করা হয়। দেশের ইতিহাসে এটিই প্রথম কোনো মন্ত্রণালয়ে দুজনকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগের ঘটনা।
আপনার মতামত লিখুন :