
ব্যাটারি প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিউঝো ইন্ডাস্ট্রি লিমিটেডের বিরুদ্ধে বিশাল অংকের ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মূসক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এনবিআর এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি ব্যাটারি উৎপাদন ও বিক্রির বিপরীতে মোট ৩১৭ কোটি ৯২ লাখ ৫১ হাজার ৩৭৮ টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে বলে জানা গেছে।
তদন্তকারী সংস্থা সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট এনবিআরের মূসক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি নিবারক দল জিউঝো ইন্ডাস্ট্রি লিমিটেডের কারখানায় অভিযান চালায়। অভিযানকালে প্রতিষ্ঠানটির বিভিন্ন বাণিজ্যিক দলিল ও নথিপত্র জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত এসব নথিপত্র বিস্তারিত পর্যালোচনা ও হিসাব-নিকাশ করে ভ্যাট ফাঁকির এই বিষয়টি স্পষ্ট হয়।
এনবিআরের প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার অসৎ উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি প্রকৃত তথ্য গোপন রেখে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছিল। বর্তমানে উন্মোচিত এই রাজস্ব আদায় এবং ভ্যাট আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরবর্তী আইনি ও বিচারিক কার্যক্রম চলমান রয়েছে বলে এনবিআর সূত্রে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :