
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনাল চালুর জন্য ৯০২ কোটি টাকার প্রয়োজন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। রোববার জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে মন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার কেবল একটি ভবন উদ্বোধন করেছিল, কিন্তু এর অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন হয়নি। বর্তমান সরকার এই টার্মিনাল চালুর উদ্যোগ নিয়েছে। ২ দশমিক ১ বিলিয়ন ডলারের এই সম্পদ ফেলে রাখলে রাষ্ট্রের ক্ষতি হবে এবং এটি যত দ্রুত চালু করা যাবে, তত দ্রুত ঋণ পরিশোধ সম্ভব হবে। এভিয়েশন ঢাকা কনসোর্টিয়ামের (এডিসি) বকেয়াসহ মোট ৯০২ কোটি টাকা পরিশোধের মাধ্যমে টার্মিনালটি চালুর পরিকল্পনা রয়েছে। অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে এই বরাদ্দের ব্যবস্থা করেছে। তিনি আরও জানান, টার্মিনালটি চালু হলে যাত্রী যাতায়াত সক্ষমতা দ্বিগুণ হবে, যা থেকে অর্জিত আয় দিয়ে জাইকার ঋণ পরিশোধ করা হবে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্যে সরকার প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে প্রায় ৫৭ শতাংশ অপারেশনাল রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফারের (ওআরএটি) কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পাদনের লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত আছে।
বিএনপির সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে বিমানের মোট ৯টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করা হয়েছে। এসব উড়োজাহাজ কেনার ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হবে। চাঁদপুর-২ আসনের মো. জালাল উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যাত্রী হয়রানি রোধে বেবিচক সর্বদা সচেষ্ট। গত অর্থবছরে ৮৬ দশমিক শূন্য ৭ শতাংশের ক্ষেত্রে প্রথম লাগেজ ১৮ মিনিটের মধ্যে এবং শেষ লাগেজ ৫৮ মিনিটের মধ্যে সরবরাহ করা সম্ভব হয়েছে। অনলাইন টিকিটিং ব্যবস্থার সম্প্রসারণ ও কার্গো পরিবহন বৃদ্ধির মাধ্যমে রাজস্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. মুজিবুর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, টিকিট বিক্রিতে স্বচ্ছতা আনতে ট্রাভেল এজেন্সি আইন ও বেসামরিক বিমান চলাচল আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ১০ দফার একটি পরিপত্র জারি করা হয়েছে, যার আওতায় ট্রাভেল এজেন্সিকে টিকিটে তাদের নাম, লাইসেন্স নম্বর ও বিক্রয়মূল্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সংরক্ষিত আসনের শওকত আরা আক্তারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে ১ হাজার ৪৯৮টি পর্যটনকেন্দ্র চিহ্নিত করে সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে।
সেন্ট মার্টিনে অবৈধভাবে রিসোর্ট নির্মাণের বিষয়ে বিএনপির সংরক্ষিত আসনের সদস্য বীথিকা বিনতে হোসাইনের প্রশ্নের জবাবে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, তিনি চলতি মাসে সেন্ট মার্টিন সরেজমিনে পরিদর্শন করেছেন এবং বিষয়টি স্থানীয় ও জেলা প্রশাসনের নজরে এনেছেন। এ ধরনের অপতৎপরতা অল্প সময়ের মধ্যে বন্ধ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রায় ২ হাজার ৩০০ একর বনভূমি উদ্ধার করা হয়েছে। কুমিল্লা-১০ আসনের মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী বলেন, গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স ২০২৬ অনুযায়ী বিশ্বের সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশসমূহের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম।
চুয়াডাঙ্গা-২ আসনের মো. রুহুল আমিনের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে ইউরিয়া ২৬ লাখ ২০ হাজার মেট্রিক টন, টিএসপি ৭ লাখ ৫০ হাজার মেট্রিক টন, ডিএপি ১৪ লাখ ৮৫ হাজার মেট্রিক টন ও এমওপি ৯ লাখ ৫০ হাজার মেট্রিক টনের চাহিদা রয়েছে। চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই এবং মাঠপর্যায়ে নিবিড় মনিটরিং অব্যাহত রয়েছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জানান, জুলাই আন্দোলনে শহীদ, আহত ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও স্বীকৃতির জন্য জুলাই অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে। গুম, হত্যা ও নির্যাতনের শিকার ব্যক্তি এবং তাঁদের পরিবারের জন্য আলাদা আরেকটি অধিদপ্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে। নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হেলালীর প্রশ্নের জবাবে তিনি বলেন, ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে সরকারি সুবিধা নেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে সব মন্ত্রণালয় ও দপ্তরে তথ্য চাওয়া হয়েছে। এসব তথ্য যাচাই-বাছাইয়ের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :