Facebook Twitter Instagram YouTube

ডিসেম্বরে দেশে ফিরলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি


প্রকাশের সময় : আগস্ট ৫, ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ /
ডিসেম্বরে দেশে ফিরলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার যে প্রচারণা চালানো হচ্ছে, তা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “তারা বলছে ডিসেম্বরে দেশে আসবে। আমরা অপেক্ষা করছি। দেশে আসুন, ইনশাল্লাহ রাজপথে দেখা হবে।”

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। অনুষ্ঠানে তিনি পতিত আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করে বলেন, গুম, খুন, নির্যাতন ও অর্থ পাচারের মতো গুরুতর সব অভিযোগ থাকার পরেও দলটির মধ্যে কোনো ধরনের অনুশোচনার লক্ষণ দেখা যাচ্ছে না। তিনি নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে জানান, ২৭ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এবং দেশের প্রয়োজনে ৮২ বছর বয়সেও তিনি আবার লড়াই করতে প্রস্তুত রয়েছেন।

জুলাই অভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের পুনর্বাসন ও চিকিৎসা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন। তিনি আশ্বস্ত করে বলেন, সরকারের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো এবং যথাযথ সম্মান নিশ্চিত করা হবে।

গণতন্ত্র ও নির্বাচন প্রসঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ যেমন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম ছিল, জুলাইয়ের আন্দোলনও একইভাবে গণতন্ত্রের জন্য পরিচালিত হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচন গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ। মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক চর্চা বজায় থাকলে তবেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin