
লন্ডনে চিকিৎসার জন্য অবস্থানকালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের কোনো ফোনালাপ হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, প্রেসিডেন্ট যখন লন্ডনে চিকিৎসাধীন ছিলেন, তখন তিনি ভারতে পলাতক শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ করেছেন—এমন গুঞ্জনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট চিকিৎসার জন্য কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন। অসুস্থ হলে চিকিৎসা নেয়ার বিষয়টি স্বাভাবিক। প্রেসিডেন্ট গত ৯ মে লন্ডনে চিকিৎসার জন্য যান এবং ১৮ মে দেশে ফিরে আসেন।
প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন এবং এ সংক্রান্ত এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি প্রেসিডেন্টকেই জিজ্ঞাসা করতে হবে। উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার পতনের পরেও তিনি সাংবিধানিক শীর্ষ পদে বহাল থাকা একমাত্র ব্যক্তি।
আপনার মতামত লিখুন :