Facebook Twitter Instagram YouTube

রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়ল ৩টি মনোনয়নপত্র


প্রকাশের সময় : আগস্ট ১৩, ২০২৬, ৯:০২ অপরাহ্ণ /
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়ল ৩টি মনোনয়নপত্র

রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টা পার হওয়ার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। তিনি প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে এসব মনোনয়নপত্র জমা হওয়ার বিষয়টি তুলে ধরেন।

জমা পড়া মনোনয়নপত্রের মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের দুটি মনোনয়ন রয়েছে। এর মধ্যে অলি আহমদের একটি মনোনয়নপত্র বেলা পৌনে ১২টায় এবং অন্যটি বিকেলে জমা দেওয়া হয়। অলি আহমদের দুটি মনোনয়নপত্র জমার কারণ সম্পর্কে জানতে চাইলে ইসি সচিব বলেন, কেন তারা দুটি মনোনয়নপত্র জমা দিলেন, সেটা তারাই বলতে পারবেন। তবে আইন অনুযায়ী, যাচাই-বাছাইয়ে প্রথমটি বৈধ হয়ে গেলে দ্বিতীয়টি বাছাইয়ের আর প্রয়োজন পড়বে না। বর্তমানে রাষ্ট্রপতি নির্বাচনে দুইজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট নির্বাচন ভবনে সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে। এই প্রক্রিয়ায় সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা উপস্থিত থেকে সহযোগিতা করবেন। এছাড়া ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় এবং ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh