
ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠক বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় জানানো হয় যে, সরকারি ছুটির দিন এবং ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে।
বৈঠকে কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করেন। এছাড়া কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিরোধীদলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। স্পিকারের বিশেষ আমন্ত্রণে স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানও বৈঠকে অংশ নেন।
সংসদ অধিবেশন উপলক্ষে বিভিন্ন নোটিশ ও প্রশ্নের তথ্যও বৈঠকে তুলে ধরা হয়। এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৪২টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ২ হাজার ৬৭৬টি প্রশ্নসহ মোট ২ হাজার ৮১৮টি প্রশ্ন পাওয়া গেছে। এছাড়া বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৮১টি এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত-প্রস্তাবের সংখ্যা ২৪৯টি।
আপনার মতামত লিখুন :