Facebook Twitter Instagram YouTube

যুক্তরাষ্ট্রের ঢাল হওয়া দেশগুলো যুদ্ধের আগুনে পুড়বে: ইরান


প্রকাশের সময় : আগস্ট ১, ২০২৬, ৪:৪২ অপরাহ্ণ /
যুক্তরাষ্ট্রের ঢাল হওয়া দেশগুলো যুদ্ধের আগুনে পুড়বে: ইরান

যুক্তরাষ্ট্র একটি সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধের দিকে দ্রুত ধাবিত হচ্ছে বলে শনিবার সতর্ক করেছেন ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আব্দুল্লাহি। তিনি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন ওয়াশিংটনকে সামরিক অভিযানের কাজে তাদের ভূখণ্ড, অবকাঠামো ও সম্পদ ব্যবহারের সুযোগ দেওয়ার বিষয়টি পুনরায় মূল্যায়ন করেন।

মেজর জেনারেল আলী আব্দুল্লাহি অভিযোগ করেন, ওয়াশিংটনের বর্তমান আচরণ একটি বিপজ্জনক সম্প্রসারণবাদী কৌশলের বহিঃপ্রকাশ, যার মূল লক্ষ্য এই অঞ্চলে অবৈধ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। তিনি দাবি করেন, অপরাধী যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের সময় প্রমাণ করেছে যে, নিজেদের শয়তানি উদ্দেশ্য হাসিলের জন্য তারা মুসলিমদের স্বার্থ ও সম্পদের ক্ষয়ক্ষতি করতে দ্বিধা করে না।

ইরানি এই কমান্ডার আরও বলেন, যুক্তরাষ্ট্র তার ক্লান্ত-শ্রান্ত সামরিক বাহিনীকে রক্ষা করার পাশাপাশি ইসরায়েলের যুদ্ধ ও নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করতে আঞ্চলিক দেশগুলোর মূলধন, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং কৌশলগত সম্পদকে একটি প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে ব্যবহার করছে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী এবং বৃহত্তর প্রতিরোধ ফ্রন্ট প্রমাণ করেছে যে, আঞ্চলিক শক্তির ভারসাম্য এখন আর আগের সমীকরণ দ্বারা পরিচালিত হচ্ছে না।

আব্দুল্লাহি মনে করেন, ইরানের বিরুদ্ধে লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার কারণেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আঞ্চলিক দেশগুলোর সীমান্ত ও সামরিক ঘাঁটি ব্যবহার করে হামলা চালাতে বাধ্য হচ্ছে। তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, যে কোনো দেশ যদি অপরাধী ও আগ্রাসী যুক্তরাষ্ট্রের জন্য প্রতিরক্ষামূলক ঢালে পরিণত হয়, তবে সেই দেশ যুদ্ধের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। তাই ইসলামী দেশগুলোকে দূরদর্শিতার পরিচয় দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের জোটবদ্ধতা পুনর্বিবেচনা করার আহ্বান জানান তিনি।

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ১৬: ২৬আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১৬: ৩১

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh