Facebook Twitter Instagram YouTube

বিএনপির মধ্যে ফ্যাসিস্ট সরকারের ফটোকপি দেখছেন জামায়াত আমির


প্রকাশের সময় : আগস্ট ৩, ২০২৬, ৭:১০ পূর্বাহ্ণ /
বিএনপির মধ্যে ফ্যাসিস্ট সরকারের ফটোকপি দেখছেন জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, তিনি বিএনপির মধ্যে বর্তমান সরকারের ফ্যাসিস্ট আচরণের ফটোকপি দেখতে পাচ্ছেন। রবিবার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে লেবার পার্টি আয়োজিত ‘জান দিব, জুলাই দিব না’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শফিকুর রহমান বিএনপির উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, ‘আপনারাও তো আমাদের মতোই মজলুম ছিলেন, তাহলে এখন কেন জালিম হতে যাচ্ছেন?’ তিনি অভিযোগ করেন যে, আওয়ামী লীগ শাসনামলে বিএনপির যে ত্যাগ ছিল, দলটি এখন তা ভুলে গিয়ে নিজেরাও একই ধরনের ফ্যাসিবাদী স্বভাব ধারণ করছে। জামায়াতের আমির বলেন, ‘নতুন কিছুই দেখতে পাচ্ছি না। তখনকার ফ্যাসিস্টরা যা করেছে, হুবহু তার একটি ফটোকপি আমরা আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি।’

নির্বাচন কমিশনে বিএনপির একজন কর্মীকে অতিরিক্ত সচিব পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। শফিকুর রহমান সতর্ক করে বলেন, যারা জনগণের ইচ্ছাকে সম্মান করে না, জনগণ শেষ পর্যন্ত তাদের প্রত্যাখ্যান করে এবং অনেক সময় তাদের দেশ ছেড়ে পালাতে হয়। হবিগঞ্জে কিশোর আলিফ হোসেনের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘চোখ তো শেষ করেছিল শেখ হাসিনা। আপনারা আবার শুরু করলেন কেন? পারবেন চোখটা ফিরিয়ে দিতে? পারবেন না।’

একই সভায় এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি জুলাই জাতীয় সনদ মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, কেউ আজীবন পদে থাকতে পারে না, তাই সংস্কারে আপত্তি থাকা উচিত নয়। এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি ও লোডশেডিংয়ের সমালোচনা করে সরকারকে ব্যর্থ বলে আখ্যায়িত করেন। সভায় আরও বক্তব্য রাখেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মূসা বিন ইযহার, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি এবং জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

গণভোটের ফল বাস্তবায়নের দাবি জানিয়ে সভাপতির বক্তব্যে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ১৯৭১ এবং ২০২৪ এর চেতনা এক ও অভিন্ন। কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো আসেনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin