
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত একটি সেমিনারে অংশগ্রহণকে কেন্দ্র করে ছাত্রদল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন ও শহীদ মিনারের সামনে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজিত এই সেমিনারে বেলা ১১টার দিকে জকসু নেতারা ও কিছু শিক্ষার্থী বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে মিলনায়তনে প্রবেশের চেষ্টা করেন। তাদের দাবির মধ্যে ছিল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সম্পন্ন করা, অস্থায়ী হল নির্মাণ, মেডিকেল সেন্টারে পর্যাপ্ত ল্যাব সুবিধা নিশ্চিত করা এবং টেকনিশিয়ান ও চিকিৎসক নিয়োগ। এসব বিষয়ে তারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন। এ সময় ইনকিলাব মঞ্চের কয়েকজন সদস্যও সেখানে উপস্থিত ছিলেন।
মিলনায়তনে প্রবেশের সময় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে জকসু নেতাদের ধাক্কাধাক্কি হয়। এর জেরে জকসু নেতারা মিলনায়তনের বাইরে অবস্থান কর্মসূচি পালন করেন। পরবর্তীতে সেমিনার ও অবস্থান কর্মসূচি শেষে বের হওয়ার সময় শহীদ মিনারের সামনে ছাত্রদল এবং জকসু ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে আবারও মারামারি হয়। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, সেমিনারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :