Facebook Twitter Instagram YouTube

যুব সমাজ ফাঁসির রশি নিয়ে প্রস্তুত, শেখ হাসিনাকে জামায়াত আমিরের হুঁশিয়ারি


প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ৮:০২ পূর্বাহ্ণ /
যুব সমাজ ফাঁসির রশি নিয়ে প্রস্তুত, শেখ হাসিনাকে জামায়াত আমিরের হুঁশিয়ারি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ ছেড়ে পালানোর পর তিনি বারবার দেশে ফেরার ইঙ্গিত দিচ্ছেন। তিনি বলেন, এভাবে তিনি ১৩ বার ব্যর্থ হয়েছেন। আপনি দেশে আসুন; যুব সমাজ আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা ফাঁসির রশি নিয়ে প্রস্তুত আছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর মিরপুর-১০ নম্বরে ঢাকা মহানগর জামায়াতের আয়োজিত এক জনসভায় বিরোধীদলীয় নেতা এসব কথা বলেন। আয়োজিত এই জনসভায় নির্বাচনী এলাকায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবি জানানো হয়।

জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, বর্তমান সরকার ও সংসদ জুলাই বিপ্লবের ফসল। তাই সরকারকে এই বিপ্লবের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। তিনি জুলাই যোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে অভিহিত করে তাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করার দাবি জানান। এছাড়া আহত ও পঙ্গুত্ববরণকারী যোদ্ধাদের সুচিকিৎসা ও সম্মানজনক পুনর্বাসনের পাশাপাশি মিরপুরসহ রাজধানীর বিভিন্ন সড়ক ও স্থাপনা তাদের নামে নামকরণের দাবি জানান তিনি।

সরকারের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালিয়েছিলেন। এখন সরকার সেই গণভোটের রায়কে অবৈধ বলছে। যদি গণভোট অবৈধ হয়, তবে বর্তমান সরকার ও সংসদ সবই অবৈধ। সেক্ষেত্রে দেশে কোনো বৈধ সরকার নেই। তিনি সরকারকে সব ধরনের টালবাহানা বন্ধ করে জুলাই সনদ বাস্তবায়নের হুঁশিয়ারি দেন।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ পাঁচ বছরের জন্য ক্ষমতা বুকিং দিয়েছিল, যা অনেকের মধ্যে হতাশা তৈরি করেছিল। কিন্তু আল্লাহ হতাশ হতে নিষেধ করেছেন। এরপরই জুলাই দেশ ও জাতির মুক্তির পয়গাম নিয়ে এসেছিল।

ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন এবং সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh