Facebook Twitter Instagram YouTube

জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর


প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ৪:০০ অপরাহ্ণ / ০
জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, জামায়াতে ইসলামীর উত্থান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভবিষ্যতের জন্য একটি বড় হুমকি। তিনি দেশের তরুণ সমাজকে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করার আহ্বান জানিয়ে জামায়াতের রাজনীতি ও তাদের কথিত ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

রবিবার (১৯ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণঅধিকার পরিষদ আয়োজিত ‘রক্তস্নাত জুলাই: প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধান অতিথি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নুরুল হক নুর অভিযোগ করে বলেন, জামায়াত বাইরে সরকারবিরোধী বক্তব্য দিলেও ভেতরে ইতিবাচক আলোচনা চালিয়ে যাচ্ছে। তাদের উসকানিমূলক কর্মকাণ্ডের ফলে আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ তৈরি হচ্ছে। তিনি আওয়ামী লীগকে ইতিহাসের অতীত অধ্যায় হিসেবে অভিহিত করে দলটির সব ধরনের রাজনৈতিক তৎপরতা কঠোরভাবে দমনের আহ্বান জানান।

তিনি আরও দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের অধীনে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ছাত্রদের ব্যবহার করে জামায়াতপন্থীদের পদায়ন করা হয়েছে। পুলিশ প্রশাসন, বিশ্ববিদ্যালয়, জ্বালানি খাত ও বিসিএস ক্যাডারসহ বিভিন্ন ক্ষেত্রে একটি নির্দিষ্ট রাজনৈতিক বলয়ের প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন।

নুর বলেন, প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এমন একটি জনমত তৈরি করা হয়েছে যেন জামায়াত দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি, যদিও মাঠপর্যায়ে এর কোনো বাস্তব মিল নেই। এছাড়া জুলাই আন্দোলনে অংশ নেওয়া কিছু তরুণ রাজনৈতিক ভিত্তি তৈরির আগেই জামায়াতের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন, যা বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে ওঠার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি সতর্ক করে বলেন, নতুন করে কোনো প্রক্সি রাজনৈতিক শক্তি তৈরি হলে তা জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনাকেই প্রশ্নবিদ্ধ করবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh