Facebook Twitter Instagram YouTube

ছেলের জন্মদিনে আদালতে হাজিরা নিয়ে হতাশ সোহানা সাবা


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ২:২২ অপরাহ্ণ / ০
ছেলের জন্মদিনে আদালতে হাজিরা নিয়ে হতাশ সোহানা সাবা

রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেকটাই কাজ শূন্য হয়ে পড়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সোহানা সাবা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী বর্তমানে অভিনয় থেকে দূরে থাকলেও ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন। তিনি নিয়মিত তার অনুরাগীদের বিভিন্ন সমস্যার সমাধান ও টিপস দিয়ে থাকেন। তবে সোমবার (১৯ অক্টোবর) নিজের একমাত্র ছেলের জন্মদিনের মতো বিশেষ একটি দিনে তাকে আদালতে হাজিরা দিতে গিয়ে চরম হতাশার মুখোমুখি হতে হয়েছে।

জুলাই-সংক্রান্ত একটি মামলার শুনানিতে হাজিরা দিতে এদিন সকালে জজ কোর্টে যান সোহানা সাবা। সেখানে একটি ভিডিওবার্তায় তিনি নিজের আক্ষেপের কথা তুলে ধরেন। ভিডিওতে সাবা জানান, আজ তার ছেলের জন্মদিন। এমন একটি বিশেষ দিনে ছেলেকে সময় দেওয়ার পরিবর্তে নিজের সব পরিকল্পনা বাদ দিয়ে তাকে আদালতে হাজিরা দিতে হয়েছে।

নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে রহস্যময় একটি ভিডিও পোস্ট করে সাবা ক্যাপশনে লিখেছেন, ‘রাজনৈতিকভাবে ফাঁসানো একজন ব্যক্তির জীবন’। এই ক্যাপশনের মাধ্যমে তিনি নিজের বর্তমান পরিস্থিতির দিকেই ইঙ্গিত করেছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া পোস্টের ক্যাপশনে সমালোচকদের উদ্দেশে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সোহানা সাবা। তিনি সমালোচকদের উদ্দেশ্য করে ‘অক্ষত’, ‘ফেকু প্রোফাইল’ ও ‘বিদেশে বসে দেশ উদ্ধার’-এর মতো শব্দ ব্যবহার করেছেন। একই সঙ্গে তিনি সমালোচকদের চেহারা ও মানসিকতা নিয়েও মন্তব্য করেন। ছেলের জন্মদিনে আদালতে হাজিরা এবং নিজেকে রাজনৈতিকভাবে ফাঁসানো ব্যক্তি হিসেবে উল্লেখ করে দেওয়া সাবার এই ভিডিওবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy