Facebook Twitter Instagram YouTube

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার প্রস্তাব জাপানি কোম্পানির


প্রকাশের সময় : আগস্ট ২৬, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ /
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার প্রস্তাব জাপানি কোম্পানির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অপারেশন ও মেনটেইন্যান্স কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রস্তাব দাখিল করেছে জাপানি কোম্পানি সাব ওয়ার্কিং গ্রুপ। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদরদপ্তরে প্রতিষ্ঠানটি এই প্রস্তাব জমা দেয়। বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সাব ওয়ার্কিং গ্রুপের পক্ষে মাসাহিরু হিরাই বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের কাছে কারিগরি ও আর্থিক প্রস্তাব সংবলিত আলাদা নথিপত্র জমা দেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে গঠিত আরএফভি ইভ্যালুয়েশন কমিটি এই প্রস্তাব মূল্যায়ন করবে। কমিটিতে অর্থ মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন।

মূল্যায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথমে কারিগরি প্রস্তাব এবং পরবর্তীতে আর্থিক প্রস্তাব যাচাই করা হবে। এরপর আলোচনা ও সমঝোতার মাধ্যমে চূড়ান্ত চুক্তির দিকে এগিয়ে যাবে কর্তৃপক্ষ। বেবিচকের একজন কর্মকর্তা জানিয়েছেন, কারিগরি প্রস্তাবের মূল্যায়ন মঙ্গলবারই শুরু হয়েছে এবং তা শেষ হওয়ার কথা রয়েছে। আর্থিক প্রস্তাবের মূল্যায়ন বৃহস্পতিবার চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সব কিছু ঠিক থাকলে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেই চূড়ান্ত চুক্তি হতে পারে।

উল্লেখ্য যে, ২০২৩ সালের ৭ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের সফট ওপেনিং করেছিলেন। বর্তমানে বিএনপি সরকার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে টার্মিনালটি চালুর ঘোষণা দিয়েছে। অপারেশন ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য বিভিন্ন দেশের একাধিক প্রতিষ্ঠানের আগ্রহের মধ্যে জাপানি কোম্পানির এই প্রস্তাব দাখিল নতুন মাত্রা যোগ করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh