Facebook Twitter Instagram YouTube

যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত


প্রকাশের সময় : আগস্ট ২৬, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ /
যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত এই দিনটি সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে। ধর্মীয় বর্ণনা অনুযায়ী, ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে আরবের মক্কা নগরীর কুরাইশ বংশে মহানবী (সা.) জন্মগ্রহণ করেন এবং ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে ৬৩ বছর বয়সে তিনি ওফাত লাভ করেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। দিনটি উপলক্ষে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা কুরআন তিলাওয়াত, দরুদ পাঠ, দান-খয়রাত ও নফল ইবাদতের মাধ্যমে মহানবী (সা.)-এর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছেন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে হিংসা-বিদ্বেষ ভুলে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। মঙ্গলবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পক্ষকালব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din