
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) নিয়মিত রক্ষণাবেক্ষণ ও কাজ করার সময় কক্ষপথ থেকে পৃথিবীর কিছু অপরূপ ও মুগ্ধকর দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন মার্কিন নভোচারী জেসিকা মেয়ার। স্পেসওয়াকের সময় নিজের হেলমেট ও স্পেসস্যুটের ভেতর থেকে তোলা সেইসব বিস্ময়কর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করার পর তা ব্যাপক প্রশংসা ও সাড়া কুড়িয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে সহকর্মী অনিলের সাথে স্পেসওয়াক করার সময় জেসিকার নজর বারবার চলে যাচ্ছিল নিচে ভেসে থাকা সবুজ-নীল গ্রহ পৃথিবীর দিকে। সেই বিশেষ মুহূর্তগুলোতে তিনি পৃথিবীর উপকূলরেখা, বিশাল পর্বতমালা এবং দূর দিগন্তে মহাকাশে সূর্যাস্তের অসাধারণ কয়েকটি ফ্রেম বন্দী করেন।
প্রকাশিত একটি ছবিতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সুবিশাল সৌর প্যানেলের ফাঁক দিয়ে পৃথিবীর অপূর্ব এক উপকূলীয় অঞ্চল ফুটে উঠেছে। অন্য একটি ছবিতে দেখা যায়, স্টেশনে সম্প্রতি স্থাপন করা ‘আইআরওএসএ’ মড কিটের পেছন দিয়ে সূর্য ডুবে যাচ্ছে—যা ভবিষ্যতে নতুন সৌর প্যানেল বসানোর কাজে ব্যবহৃত হবে। এছাড়া অন্ধকার মহাকাশের বুকে পৃথিবীর বরফাচ্ছন্ন পাহাড়ি অঞ্চলের বৈপরীত্য ছবিগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
স্পেসস্যুটের কাচ ভেদ করে একজন নভোচারী ঠিক যেভাবে পৃথিবীকে সরাসরি প্রত্যক্ষ করেন, একদম সেই নিখাদ মুহূর্তগুলো ছবিতে উঠে আসায় সাধারণ নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতুহল ও উন্মাদনা। মহাকাশ থেকে পৃথিবীর অজস্র ছবি তোলা হলেও স্পেসওয়াকের রোমাঞ্চকর মুহূর্তে তোলা জেসিকা মেয়ারের এসব ফ্রেম এক অনন্য মাত্রা যোগ করেছে।
আপনার মতামত লিখুন :