
অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে গ্রেফতার হওয়া ‘ঢাকা প্রতিদিন’-এর বিশেষ প্রতিনিধি হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানী ঢাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল ১১টায় কদমতলীর রায়েরবাগ বাসস্ট্যান্ডে এই কর্মসূচির আয়োজন করে কদমতলী থানা প্রেসক্লাব। এতে স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সদস্য ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতা এইচ এম আল-আমিন। তিনি বলেন, একজন অনুসন্ধানী সাংবাদিককে গ্রেফতারের ঘটনা গণমাধ্যমকর্মীদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা অযৌক্তিক মামলা ও হয়রানি বন্ধ করে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে হবে।
প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ডেইলি বাংলাদেশ’-এর সহকারী সম্পাদক মো. আশিকুর রহমান। তিনি বলেন, দেশের যেখানেই সাংবাদিকেরা নির্যাতনের শিকার হবেন, কদমতলী থানা প্রেসক্লাব সবসময় তাঁদের পাশে দাঁড়াবে। হাফিজুর রহমান শফিকসহ অন্যায়ভাবে বন্দি থাকা দেশের সকল সংবাদকর্মীর দ্রুত মুক্তি দাবি করেন তিনি।
কদমতলী থানা প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন চৌধুরী সুমনের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকেরা হলেন দেশের বিবেক ও সমাজের আয়না। সত্য প্রকাশ করাই যাদের কাজ, তাদের যদি গ্রেফতার ও হয়রানি করা হয়, তবে স্বাধীন সাংবাদিকতার আর কিছুই বাকি থাকে না। তিনি অবিলম্বে হাফিজুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মনগড়া মামলা প্রত্যাহার করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যথায়, সাংবাদিক সমাজকে সাথে নিয়ে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে সংহতি জানিয়ে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সরকার জামাল, কে এম সোলায়মান, আনোয়ার হোসেন আকাশ, হাসান আলী, এইচ এম হাকিম, রনি মজুমদার, আয়েশা আক্তার, জসিম উদ্দিন, জাকির হোসেন, পনির আহম্মেদ, জাহিদ হাসান ও ইভা রহমানসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের কর্মীরা।
আপনার মতামত লিখুন :