
স্থানীয় সরকারব্যবস্থাকে গণতন্ত্রের সূতিকাগার হিসেবে অভিহিত করে এই ব্যবস্থা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে সমবায় ভবনে নগর ও পল্লী এলাকায় সমবায় সমিতির মাধ্যমে সৌরবিদ্যুৎ স্থাপনের কর্মকৌশল নির্ধারণবিষয়ক এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. মঈন খান বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো স্থানীয় সরকারব্যবস্থাকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়া।
সৌরশক্তি ব্যবহারের বিষয়ে সরকারের ঘোষিত পরিকল্পনা মাঠপর্যায়ে বাস্তবায়নের দায়িত্ব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে তাদের কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের অর্থনৈতিক পরিস্থিতি, বিরোধী দলের ভূমিকা এবং সৌরবিদ্যুতের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তিনি জানান, বিরোধী দলের শাটডাউনের আহ্বান সত্ত্বেও গত পাঁচ দিনে দেশে ৭ হাজার ৭৭৬ কোটি টাকার রেমিট্যান্স এসেছে। প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দেবেন—এমন কোনো পরিস্থিতি দেশে তৈরি হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
মীর শাহে আলম আরও অভিযোগ করেন যে, জাতীয় সংসদ ও রাজপথে বিরোধী দলের বক্তব্যের মধ্যে অসংগতি রয়েছে। তার দাবি, জাতিসংঘের অধিবেশনে সরকারের সাফল্য আড়াল করার উদ্দেশ্যে রাড্ডা ও নিউগিনি প্রকল্পে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাঙচুর চালানো হয়েছে এবং পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
বিদ্যুৎ সংকট মোকাবিলায় সৌরশক্তির ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে সৌরশক্তি থেকে উৎপাদিত ১ হাজার ৮৭২ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। তিনি পাকিস্তানের উদাহরণ টেনে বলেন, দেশটি সৌরশক্তি থেকে ৩২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। বাসাবাড়িতে উৎপাদিত উদ্বৃত্ত সৌরবিদ্যুৎ সরকার কিনে নেবে জানিয়ে তিনি এই উদ্যোগ বাস্তবায়নে সমবায় অধিদপ্তরের মাধ্যমে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :