Facebook Twitter Instagram YouTube

আওয়ামী লীগ নেতাদের স্থানীয় নির্বাচনে নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’


প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ণ /
আওয়ামী লীগ নেতাদের স্থানীয় নির্বাচনে নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা বা তাদের কার্যক্রম নিষিদ্ধ করার প্রস্তাবে সায় দেয়নি নির্বাচন কমিশন (ইসি)। কমিশন মনে করে, যেহেতু স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়, তাই কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার আইনগত কোনো সুযোগ নেই।

তবে জাতীয় সংসদ নির্বাচনের আদলে স্থানীয় সরকার নির্বাচনেও দ্বৈত নাগরিক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) অভিযোগপত্রভুক্ত ব্যক্তিদের প্রার্থী হওয়ার সুযোগ বন্ধ করার প্রস্তাব সরকারের কাছে পাঠাতে যাচ্ছে কমিশন। মঙ্গলবার একটি কমিশন সভায় স্থানীয় সরকারের পাঁচটি প্রতিষ্ঠানের (সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ) নির্বাচনসংক্রান্ত আইন ও বিধিমালার সংশোধনী প্রস্তাব চূড়ান্ত করার কথা রয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার কারণে কোনো দলের নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধ করার এখতিয়ার ইসির নেই। যোগ্যতার শর্ত পূরণ করলে যেকোনো নাগরিকই প্রার্থী হতে পারবেন।

এছাড়া ইসির প্রস্তাবিত সংশোধনীর মধ্যে রয়েছে—ঋণখেলাপি প্রতিষ্ঠানের অংশীদার পরিচালক, ঋণখেলাপির জামিনদার এবং এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা করা। একই সঙ্গে নির্বাচন-সংক্রান্ত আপিল দ্রুত নিষ্পত্তির জন্য এক সদস্যের আপিল ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাবও রাখা হয়েছে।

পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের জন্য বিদ্যমান ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের বাধ্যবাধকতা বাতিল, জামানতের পরিমাণ বৃদ্ধি এবং হলফনামায় ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিলে মনোনয়ন বাতিলের বিধান যুক্ত করার প্রস্তাবও দিয়েছে নির্বাচন কমিশন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din