Facebook Twitter Instagram YouTube

বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, আতঙ্কিত নদী তীরবর্তী বাসিন্দারা


প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ণ /
বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, আতঙ্কিত নদী তীরবর্তী বাসিন্দারা

পাহাড়ি ঢল এবং টানা ভারী বর্ষণের ফলে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বুধবার (২২ জুলাই) সকাল ৯টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৪ সেন্টিমিটার, যা নদীর বিপৎসীমার (৫২ দশমিক ১৫ মিটার) চেয়ে মাত্র ১ সেন্টিমিটার কম। পানির এই অস্বাভাবিক বৃদ্ধিতে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পানি বৃদ্ধির ফলে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিচু এলাকাগুলোতে ইতোমধ্যে পানি ঢুকতে শুরু করেছে।

ডিমলার টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন জানিয়েছেন, তিস্তার পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার জোরালো আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ব্যারাজের ৪৪টি জলকপাটই খুলে রাখা হয়েছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, নদীর পানি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin