Facebook Twitter Instagram YouTube

বিশ্বকাপে মেসির রেকর্ড ভেঙে গোল্ডেন বুটের শীর্ষে এমবাপ্পে


প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ৮:২২ পূর্বাহ্ণ /
বিশ্বকাপে মেসির রেকর্ড ভেঙে গোল্ডেন বুটের শীর্ষে এমবাপ্পে

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেছেন কিলিয়ান এমবাপ্পে। এই ম্যাচে দুই গোল করার মাধ্যমে চলতি বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে। এই অর্জনের ফলে গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে তিনি এখন সবার চেয়ে এগিয়ে রয়েছেন।

ম্যাচটি ফ্রান্সের জন্য তৃতীয় স্থান নির্ধারণী হলেও রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বকাপের সেরা গোলদাতা হওয়ার লক্ষ্য তখনো তার সামনে টিকে ছিল। ম্যাচের শুরু থেকেই এমবাপ্পে নিজের গোলের দিকে বেশি মনোযোগী ছিলেন এবং বক্সের ভেতর থেকে বারবার গোলের চেষ্টা চালিয়েছেন। প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই তিনি সফল হন। মাইকেল ওলিসের কাছ থেকে পাওয়া দারুণ এক পাসে গোলরক্ষককে একা পেয়ে গোল করেন এমবাপ্পে।

এই গোলটির মাধ্যমে বিশ্বকাপে তার গোলসংখ্যা ৯-এ পৌঁছায় এবং তিনি গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে উঠে আসেন। এরপর ম্যাচের এক ঘণ্টা পার হওয়ার পর তিনি আরও একটি গোল করেন। এই দুই গোলের সুবাদে তিনি লিওনেল মেসির চেয়ে দুই গোলে এগিয়ে গেছেন। যদিও রোববার স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচ খেলবেন মেসি, যেখানে তার সামনে এমবাপ্পেকে ধরার সুযোগ থাকছে।

এই জোড়া গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন এমবাপ্পে। তিনটি বিশ্বকাপ মিলিয়ে এই ফরাসি তারকার মোট গোলসংখ্যা এখন ২২টি। মাত্র ২৭ বছর বয়সী এমবাপ্পের সামনে ২০৩০ বিশ্বকাপেও এই গোলসংখ্যা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor