
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জিতেছে স্পেন। এই ঐতিহাসিক জয়ের পর পুরো দেশজুড়ে শুরু হয় বাঁধভাঙা উল্লাস। তবে স্পেনের এই আনন্দের মুহূর্তটি দ্রুতই বিষাদে রূপ নেয়। সোমবার ভোরে পশ্চিম স্পেনের সিউদাদ রদ্রিগো শহরে একটি মর্মান্তিক দুর্ঘটনায় ১৩ বছর বয়সি এক কিশোর নিহত হয়েছে।
পর্তুগাল সীমান্তবর্তী সালামানকা প্রদেশের প্রায় ১২ হাজার বাসিন্দার এই ঐতিহাসিক প্রাচীরঘেরা শহরে ঘটনাটি ঘটে। দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছে, শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আরবোল গর্দো ফোয়ারার চারপাশে শত শত মানুষ বিশ্বকাপ জয়ের আনন্দ উদযাপনের জন্য জড়ো হয়েছিলেন। রাত ১২টার কিছুক্ষণ পর হঠাৎ স্মৃতিস্তম্ভটির ওপরের অংশ ভেঙে নিচে থাকা মানুষের ওপর পড়ে।
এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই কিশোরের মৃত্যু হয় এবং আরও দুইজন আহত হন। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিউদাদ রদ্রিগো নগর কর্তৃপক্ষ এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। এক বিবৃতিতে তারা জানায়, পুরো শহর আজ এই অকাল মৃত্যুতে শোকাহত। কর্তৃপক্ষ নিহতের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং উল্লেখ করেছে যে, স্প্যানিশ জাতীয় দলের বিশ্বকাপ জয়ের আনন্দ উৎসবটি একটি নির্মম ট্র্যাজেডিতে পরিণত হয়েছে।
আপনার মতামত লিখুন :