Facebook Twitter Instagram YouTube

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২


প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ /
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২

এডিশ মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর ১লা জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শুধু ঢাকা বিভাগেই ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহ ও খুলনা বিভাগে ৫ জন করে মোট ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ৩ জন এবং রাজশাহী বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু নিয়ে নতুন করে ৩৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৭৭ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ৬ জন এবং রাজশাহী বিভাগে ৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin