
ভারতের সংসদের বাদল অধিবেশন শুরুর দিনেই সংসদ ভবনের দিকে যাত্রা করেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র কর্মীরা। সোমবার দুপুরে এই কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংসদ ভবনের ভেতরে প্রধানমন্ত্রীসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন দলের এমপিরা উপস্থিত থাকায় নিরাপত্তার বিষয়টি আগে থেকেই কঠোর ছিল।
বিক্ষোভকারীরা সংসদ ভবনের দিকে এগিয়ে যাওয়ার সময় দিল্লি পুলিশ তাদের বাধা দেয়। শ্রমশক্তি ভবনের কাছে পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। তবে পুলিশের এই কঠোর অবস্থান সত্ত্বেও বিক্ষোভকারীদের একটি অংশ সংসদ ভবনের কাছাকাছি পৌঁছাতে সক্ষম হন। নিরাপত্তার খাতিরে সংসদ ভবনের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়েছে।
পুলিশের এই দমনমূলক আচরণের তীব্র নিন্দা জানিয়েছে সিজেপি নেতৃত্ব। দলটির দাবি, তাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বলপ্রয়োগ করেছে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-সহ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে বাসে করে সরিয়ে নেওয়া হয়েছে।
সিজেপির এই সংসদ অভিযান কর্মসূচিতে অংশ নিয়েছিলেন সমাজবাদী পার্টি (এসপি)-র এমপি এবং অখিলেশ যাদবের পত্নী ডিম্পল যাদব। এসপি-র অভিযোগ, ডিম্পল যাদব ও দলের অন্য নেতা-কর্মীদেরও পুলিশ আটক করেছে। সিজেপি তাদের এই আন্দোলনের প্রতি দেশের সব এমপির সমর্থন কামনা করেছে।
আপনার মতামত লিখুন :