Facebook Twitter Instagram YouTube

ভিডিও ভাইরাল: এমপি নজরুলকে শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা


প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ২:১৬ অপরাহ্ণ /
ভিডিও ভাইরাল: এমপি নজরুলকে শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা

সাতক্ষীরা-৪ আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার জের ধরে শ্যামনগরে তীব্র বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় শ্যামনগর উপজেলা সদরে 'সচেতন নাগরিক সমাজ'-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ধর্মীয় মূল্যবোধ ও ইসলামের আদর্শের কথা বলে জনগণের ভোট নিয়ে নির্বাচিত হওয়ার পর একজন জনপ্রতিনিধির এমন কর্মকাণ্ড জনমনে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে। রাজধানীর একটি আবাসিক হোটেলে তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় থাকার অভিযোগে ভাইরাল হওয়া ভিডিওটি একজন সংসদ সদস্যের মর্যাদা ও জনবিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করেছে বলে তারা মন্তব্য করেন।

সমাবেশ থেকে গাজী নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি ২৪ ঘণ্টার মধ্যে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়। এছাড়া সংসদ সদস্য পদ বাতিলের লক্ষ্যে জাতীয় সংসদের স্পিকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবির, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না, উপজেলা মহিলা দলের সভানেত্রী নুর জাহান পারভীন ঝর্ণা, উপজেলা বিএনপির সহ-সভাপতি চেয়ারম্যান মাসুদুল আলম, চেয়ারম্যান আমজাদ হোসেন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুসহ অন্যান্য নেতৃবৃন্দ। পুরো কার্যক্রমটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির নেতা গাজী শাহ আলম। সমাবেশের শেষ পর্যায়ে বিক্ষোভকারীরা শ্যামনগর প্রেসক্লাবের সামনে এমপি গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh