Facebook Twitter Instagram YouTube

রাষ্ট্রপতির পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার ও বিচারের দাবি নাহিদের


প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ /
রাষ্ট্রপতির পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার ও বিচারের দাবি নাহিদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘ফ্যাসিবাদের দোসর’ রাষ্ট্রপতি চুপ্পুকে কেবল পদত্যাগ করালেই হবে না, তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুরে আয়োজিত এক সমাবেশে তিনি এই দাবি জানান। তিনি অভিযোগ করেন, গণহত্যায় রাষ্ট্রপতির সমর্থন রয়েছে, তাই তাকে অপসারণের পাশাপাশি গ্রেপ্তার করা জরুরি।

গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত এ পদযাত্রার শেষে শহরের ফৌজদারি মোড়ে সমাবেশটি অনুষ্ঠিত হয়। নাহিদ ইসলাম রাষ্ট্রপতির পদত্যাগের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে বলেন, রাষ্ট্রপতি নিজে পদত্যাগ করবেন না, বরং সরকারই তাকে সরানোর পরিকল্পনা করছে। তিনি বিএনপি সরকারের সমালোচনা করে বলেন, দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করার পরও পাঁচ মাসে তারা আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারেনি। যে সরকার রাষ্ট্রপতি পরিবর্তনের সক্ষমতা রাখে না, তারা দেশ পরিবর্তন করবে কীভাবে—এমন প্রশ্নও রাখেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, অতীতে বিএনপি সরকার রাষ্ট্রপতি নিয়োগ নিয়ে নানা তালবাহানা করেছে। তারা জনপ্রিয় বা নিজেদের দলের কাউকে রাষ্ট্রপতি হতে দেয়নি। এবার সরকার কাকে রাষ্ট্রপতি নির্বাচন করে তা দেখার বিষয় উল্লেখ করে তিনি বলেন, কোনো অযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি করা হলে জনগণের আস্থা আরও কমে যাবে। জনগণ একজন যোগ্য, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়।

এনসিপি জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবু সাইদ শামিমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান এবং জামালপুর জেলা কমিটির সদস্যসচিব মোশাররফ হোসেন। এর আগে বিকেলে শহরের দয়াময়ী মোড় থেকে নেতাকর্মীরা পদযাত্রা বের করেন, যা প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh