Facebook Twitter Instagram YouTube

১৪৪ ধারা উপেক্ষা করে হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ, পথে পুলিশের বাধা


প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ /
১৪৪ ধারা উপেক্ষা করে হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ, পথে পুলিশের বাধা

হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় দলটির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর পুলিশের বাধার মুখে পড়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। এনসিপির মিডিয়া উপ-কমিটির সদস্য ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রশাসন হবিগঞ্জে ১৪৪ ধারা জারি করলেও এনসিপি নেতারা কর্মসূচি পালনের সিদ্ধান্তে অটল রয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে এনসিপি এই কর্মসূচি ঘোষণা করার পর বিএনপি ও ছাত্রদল একই স্থানে কর্মসূচি ডাকলে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। তবে ১৪৪ ধারা উপেক্ষা করেই এনসিপির কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জের দিকে অগ্রসর হচ্ছেন বলে ইয়াসির আরাফাত জানিয়েছেন।

কর্মসূচি বাস্তবায়নে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ দলটির শীর্ষ নেতারা হবিগঞ্জের পথে রয়েছেন। এছাড়া কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম আগে থেকেই সেখানে অবস্থান করছেন।

এই পরিস্থিতি নিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী তার ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, 'হামলার বিচার নেই, হামলাকারীর গ্রেপ্তার নেই। অথচ প্রতিবাদ কর্মসূচি ঠেকাতে ১৪৪ ধারা, পথে পথে বাধা। যারা রক্ত ঝরালো, তারা স্বাধীন। যারা বিচার চাইছে, তাদের পথ রুদ্ধ। এ কোন ন্যায়বিচার?'

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin