Facebook Twitter Instagram YouTube

যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ডেভিড ইমন


প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ /
যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ডেভিড ইমন

চট্টগ্রামের অপরাধ জগতের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি চট্টগ্রামের একটি ইন্টারনেট সেবাপ্রতিষ্ঠানের মালিকের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি করে আলোচনায় আসেন ডেভিড ইমন। গত ১৩ জুলাই এই চাঁদা দাবি করা হয়েছিল এবং দুই দিনের সময় বেঁধে দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে চাঁদা না দেওয়ায় তার নির্দেশে চন্দনপুরার ওই ইন্টারনেট অফিসে সশস্ত্র হামলা চালানো হয়। ওই হামলায় ২০ থেকে ২৫ বছর বয়সী অন্তত ৩০ জন সন্ত্রাসী অংশ নিয়েছিল বলে তথ্য রয়েছে।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের আগে ডেভিড ইমনকে আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষ সেভাবে চিনত না। ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরের কৃষক পরিবারের সন্তান ইমনের লেখাপড়া তেমন একটা নেই। রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড হিসেবে অপরাধ জগতে পরিচিতি পান। বর্তমানে তিনি সাজ্জাদ আলী খানের গ্রুপের হয়ে নগরীর বায়েজিদ বোস্তামী, পাঁচলাইশ, পতেঙ্গা, রাউজান ও হাটহাজারী এলাকায় অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করেন।

সাজ্জাদ আলী খানের গ্রুপে অর্ধশতাধিক তরুণ রয়েছে। ছোট সাজ্জাদ বর্তমানে কারাগারে থাকায় ডেভিড ইমন ও মোহাম্মদ রায়হান আলম বর্তমানে এই গ্রুপের নেতৃত্ব ভাগ করে নিচ্ছেন। মাত্র দুই বছরের অপরাধ জীবনে ইমনের বিরুদ্ধে ৭টি খুনের অভিযোগ রয়েছে। এর মধ্যে ২০২৫ সালের ৩০ মার্চ চট্টগ্রামের বাকলিয়া এলাকার জোড়া খুন, ২৩ মে পতেঙ্গা সমুদ্র সৈকতে সন্ত্রাসী ঢাকাইয়া আকবর খুন এবং ২০২৪ সালের ২৮ আগস্ট আনিস ও মোহাম্মদ হাসান নামে দুইজনকে ব্রাশফায়ারে হত্যার ঘটনায় ইমনের নাম জড়িয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor