Facebook Twitter Instagram YouTube

৮১ বছর বয়সে না ফেরার দেশে অস্কারজয়ী অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার


প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ৯:০২ পূর্বাহ্ণ /
৮১ বছর বয়সে না ফেরার দেশে অস্কারজয়ী অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার

অস্কারজয়ী আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার আর নেই। ৮১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে।

১৯৮৯ সালের চলচ্চিত্র ‘মাই লেফট ফুট’-এ অনবদ্য অভিনয়ের জন্য ১৯৯০ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতেছিলেন তিনি। এই অর্জনের মাধ্যমে প্রথম আইরিশ অভিনেত্রী হিসেবে অস্কার জয়ের ইতিহাস গড়েন ব্রেন্ডা। ছবিতে ড্যানিয়েল ডে-লুইসের মায়ের চরিত্রে অভিনয় করে তিনি জুলিয়া রবার্টস ও অ্যাঞ্জেলিকা হাস্টনের মতো তারকাদের পেছনে ফেলে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কারটি নিজের করে নিয়েছিলেন।

চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশনেও তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। ১৯৮৬ সালে বিবিসির মেডিকেল ড্রামা সিরিজ ‘ক্যাজুয়ালটি’-র প্রথম পর্ব থেকেই নার্স মেগান রোচ চরিত্রে অভিনয় শুরু করেন তিনি। ১৯৯০ সাল পর্যন্ত নিয়মিত অভিনয়ের পর পরবর্তীতে বিভিন্ন পর্বে তাকে দেখা গেছে, যার সর্বশেষটি ছিল ২০১০ সালে। এছাড়া ১৯৯২ সালের ‘হোম অ্যালোন ২’ চলচ্চিত্রে সেন্ট্রাল পার্কের গৃহহীন নারীর চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের দর্শকদের কাছেও তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

ডাবলিনে জন্ম নেওয়া ব্রেন্ডা ফ্রিকারের অভিনয়জীবনের শুরু ১৯৬০-এর দশকে আয়ারল্যান্ডের প্রথম সোপ অপেরা ‘টোলকা রো’ দিয়ে। পরবর্তীতে তিনি ‘করোনেশন স্ট্রিট’ ও ‘লিকিং হিটলার’-এর মতো টিভি নাটকে অভিনয় করেন। এছাড়াও ‘সো আই ম্যারেড অ্যান এক্স মার্ডারার’ (১৯৯৩), ‘অ্যাঞ্জেলস ইন দ্য আউটফিল্ড’ (১৯৯৪), ‘এ টাইম টু কিল’ (১৯৯৬) এবং ‘ভেরোনিকা গুয়েরিন’ (২০০৩)-এর মতো আলোচিত চলচ্চিত্রে অভিনয় করে তিনি সমৃদ্ধ এক চলচ্চিত্র-ঐতিহ্য রেখে গেছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে বলা হয়েছে, ব্রেন্ডার মতো মানুষ আর পাওয়া যাবে না। তাকে জানা, ভালোবাসা এবং তার সঙ্গে কাজ করতে পারা ছিল গর্বের বিষয়। চলচ্চিত্র ও টেলিভিশনপ্রেমীদের হৃদয়ে তিনি চিরকাল বেঁচে থাকবেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin