
মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা বাজছে। গত শুক্রবার থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা স্থগিত থাকার পর নতুন করে সংঘাত শুরু হয়েছে। ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় আহভাজ শহরে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে শহরটির আকাশে বহু যুদ্ধবিমানের গর্জন শোনা গেছে।
বিভিন্ন ছবি ও ভিডিওর বরাতে জানা গেছে, শক্তিশালী বিস্ফোরণের প্রভাবে শহরটির একটি অংশের বাড়িঘরের জানালা ভেঙে পড়েছে। স্থানীয় সূত্রের ভাষ্যমতে, আহভাজের কু-ই রামেজান, সেপিদার এবং বাহোনার জেলা লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। এই এলাকাগুলোতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ভবন এবং ৯২তম সাঁজোয়া ডিভিশনের ঘাঁটি অবস্থিত।
আহভাজ ছাড়াও ইরানের কেশম দ্বীপেও হামলার খবর পাওয়া গেছে। ওই এলাকা থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে বুধবার মার্কিন বাহিনী জানিয়েছিল যে, তারা ইরানে দুই ঘণ্টাব্যাপী অভিযান চালিয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলোতে ইরানি হামলার জবাবেই যুক্তরাষ্ট্র এই সামরিক অভিযান পরিচালনা করেছে বলে জানানো হয়।
আপনার মতামত লিখুন :