Facebook Twitter Instagram YouTube

মানবপাচার ও অনলাইন স্ক্যাম দমনে জিরো টলারেন্স নীতি স্বরাষ্ট্রমন্ত্রীর


প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৬, ৫:০১ অপরাহ্ণ /
মানবপাচার ও অনলাইন স্ক্যাম দমনে জিরো টলারেন্স নীতি স্বরাষ্ট্রমন্ত্রীর

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম চক্রের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বিশ্ব মানবপাচার বিরোধী দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত উচ্চপর্যায়ের জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান অপরাধী চক্রগুলো ভুয়া অনলাইন নিয়োগ প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে তরুণ-তরুণী ও চাকরিপ্রত্যাশীদের বিদেশে পাঠানোর প্রলোভন দেখাচ্ছে। এরপর তাদের সাইবার স্ক্যাম সেন্টারে আটকে রেখে নির্যাতন চালানো হয় এবং জোরপূর্বক অপরাধমূলক কর্মকাণ্ডে বাধ্য করা হয়।

এ ধরনের অপরাধ মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ জানান, সরকার ‘মানবপাচার ও অভিবাসী চোরাচালান (প্রতিরোধ ও দমন) আইন, ২০২৬’ প্রণয়ন করেছে। নতুন এই আইনে অনলাইন স্ক্যাম, প্রযুক্তিনির্ভর প্রতারণা এবং জোরপূর্বক অপরাধে বাধ্য করার মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ‘জাতীয় কর্মপরিকল্পনা (২০২৬-২০৩০)’ চূড়ান্ত করার কাজ চলছে। এর পাশাপাশি ভুক্তভোগীদের দ্রুত উদ্ধার, আইনি সহায়তা, চিকিৎসা, মানসিক সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করতে ন্যাশনাল রেফারেল মেকানিজম আরও শক্তিশালী করা হচ্ছে। তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ ও মামলার কার্যকর নজরদারির জন্য একটি ডিজিটাল পাচার প্রতিরোধ তথ্য ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে বলেও তিনি জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, প্রযুক্তির অপব্যবহার করে পরিচালিত আন্তর্জাতিক মানবপাচার ও প্রতারণা চক্র মোকাবিলায় কেবল আইনশৃঙ্খলা বাহিনী নয়, বরং প্রযুক্তি প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি খাত ও সচেতন সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। এছাড়া নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে এবং ভুয়া নিয়োগ চক্র সম্পর্কে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যম ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din