
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে পর্যটকবাহী একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় বিমানে থাকা ১১ জন যাত্রী ও দুইজন ক্রু সদস্যসহ মোট ১৩ জনের সবাই নিহত হয়েছেন। দেশটির ঐতিহাসিক নিদর্শন নাজকা লাইনস আকাশপথে পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হওয়ার পরপরই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনাস্থলে উপস্থিত পুলিশের মেজর জর্জ অন্দ্রেদে নিশ্চিত করেছেন যে, বিমানটিতে থাকা ১৩ জনের কেউই বেঁচে নেই। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই তাতে আগুন ধরে যায়, যে কারণে উদ্ধারকাজ চালানোর কোনো সুযোগ ছিল না। ইকা বিভাগের পিসকো শহর থেকে বিমানটি যাত্রা শুরু করেছিল। তবে দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
পেরুর পর্যটন খাতের জন্য নাজকা লাইনস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। ইউনেস্কো স্বীকৃত এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানটি খ্রিস্টপূর্ব ৫০০ থেকে খ্রিস্টাব্দ ৫০০ সালের মধ্যে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। মরুভূমিতে অবস্থিত এই বিশাল ভূ-চিত্রগুলোতে প্রাণী, উদ্ভিদ ও বিভিন্ন জ্যামিতিক নকশা রয়েছে, যা ওপর থেকে দেখার জন্য পর্যটকরা আকাশপথের ভ্রমণ বেছে নেন। পেরুর বৈদেশিক বাণিজ্য ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে ৪১ লাখের বেশি বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন।
আপনার মতামত লিখুন :