
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় দ্রুতই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ। শুক্রবার ২৪ জুলাই রাষ্ট্রপতি পদত্যাগ করার পর তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ইসি মাছউদ জানান, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুসরণ করে এই প্রক্রিয়া পরিচালিত হবে। তিনি আরও জানান, প্রধান নির্বাচন কমিশনার নিজেই এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মতো করেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। যদি একাধিক প্রার্থী থাকে তবে ভোট গ্রহণ করা হবে, আর একক প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে। সাপ্তাহিক ছুটির কারণে শনিবার ইসির কার্যক্রম বন্ধ থাকবে, তাই রোববার বা তার পরবর্তী সময়ে তফসিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩৫০ জন সংসদ সদস্য এই নির্বাচনের ভোটার। ইসি সেই অনুযায়ী ভোটার তালিকা তৈরির কাজ শুরু করবে।
এর আগে শুক্রবার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এক জরুরি প্রেস ব্রিফিংয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করার কথা জানান। স্পিকার বলেন, শারীরিক ও মানসিকভাবে অসুস্থতার কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালনে অসামর্থ্য হওয়ায় মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার এখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
আপনার মতামত লিখুন :