Facebook Twitter Instagram YouTube

নির্বাচন কমিশনের বিভিন্ন সেবার নতুন ফি নির্ধারণ


প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ /
নির্বাচন কমিশনের বিভিন্ন সেবার নতুন ফি নির্ধারণ

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনসহ নির্বাচন কমিশনের (ইসি) বিভিন্ন সেবার ফি নতুন করে নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই নতুন ফি কাঠামো ঘোষণা করা হয়। এই ফিগুলোর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে।

নতুন নিয়ম অনুযায়ী, এনআইডি’র দৃশ্যমান তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রথম আবেদনে ভ্যাটসহ ২৩০ টাকা, দ্বিতীয়বার আবেদনে ৩৪৫ টাকা এবং পরবর্তী যেকোনো আবেদনের জন্য ৪৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া তথ্য-উপাত্ত সংশোধনের ক্ষেত্রে প্রথমবার ১১৫ টাকা, দ্বিতীয়বার ২৩০ টাকা এবং পরবর্তী যেকোনো আবেদনে ৩৪৫ টাকা ফি দিতে হবে।

হারানো এনআইডি কার্ড উত্তোলনের ক্ষেত্রে সাধারণ আবেদনের প্রথমবার ১০০ টাকা, দ্বিতীয়বার ৩০০ টাকা এবং পরবর্তী যেকোনো আবেদনে ৫০০ টাকা ফি প্রযোজ্য হবে। জরুরি ভিত্তিতে কার্ড উত্তোলনের ক্ষেত্রে এই ফি যথাক্রমে ৩০০ টাকা, ৫০০ টাকা এবং সর্বোচ্চ ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যান্য সেবার মধ্যে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ৫০০০ টাকা, নির্বাচনি দলিল দস্তাবেজ পরিদর্শন ও কপি সংগ্রহের জন্য ১০০ টাকা এবং ভোটার তালিকার সার্টিফাইড কপির জন্য ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। ভোটার তালিকা দেখতে চাইলে ৫০ টাকা এবং ছবি ছাড়া ভোটার তালিকার সিডি নিতে প্রতি ইউনিয়ন, সিটি বা পৌর ওয়ার্ডের জন্য ৫০০ টাকা দিতে হবে।

সরকারি ও বেসরকারি সংস্থার জন্য তথ্য যাচাইয়ের সেবায়ও পরিবর্তন আনা হয়েছে। সরকারি সংস্থা বা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের ক্ষেত্রে এককালীন নিবন্ধন ফি ৫ লাখ টাকা এবং বার্ষিক নবায়ন ফি ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে প্রতিটি তথ্য যাচাইয়ের জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোকে ২ টাকা করে দিতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এককালীন নিবন্ধন ফি ৫ লাখ টাকা এবং প্রথম ৭০টি সাব-ইউজারের প্রতিটির জন্য ৪ হাজার টাকা ও পরবর্তী সাব-ইউজারের জন্য ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিটি তথ্য যাচাইয়ের ফি নির্ধারণ করা হয়েছে ৫ টাকা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh