Facebook Twitter Instagram YouTube

৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের সুইস টাওয়ার কিনছে পূবালী ব্যাংক


প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ /
৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের সুইস টাওয়ার কিনছে পূবালী ব্যাংক

রাজধানীর তেজগাঁও লিংক রোড হয়ে গুলশান ১ নম্বরে প্রবেশপথের প্রধান সড়কে অবস্থিত বেঙ্গল গ্রুপের মালিকানাধীন ‘সুইস টাওয়ার’ ভবনটি কিনে নিচ্ছে বেসরকারি খাতের পূবালী ব্যাংক। গত বুধবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় ৮০০ কোটি টাকায় ভবনটি কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে ব্যাংকটি বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এই তথ্য জানিয়েছে। তবে চূড়ান্তভাবে ভবনটি কেনার বিষয়টি বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের ওপর নির্ভর করছে।

৫৮ কাঠা জমির ওপর নির্মিত ২৭ তলা বিশিষ্ট এই ভবনটির ৩ তলা বেজমেন্ট বা মাটির নিচে। বর্তমানে মতিঝিলে নিজস্ব ভবনে পূবালী ব্যাংকের প্রধান কার্যালয় পরিচালিত হলেও সেখানে স্থান সংকুলান না হওয়ায় ব্যাংকটি নতুন জায়গা খুঁজছিল। ভবনটি কেনার সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ব্যাংকটি তাদের প্রধান কার্যালয় সেখানে স্থানান্তর করবে। পূবালী ব্যাংকের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ লিটন মিয়া জানিয়েছেন, দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা চিন্তা করেই ভবনটি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিমউদ্দিন জানিয়েছেন, ভবনটি নির্মাণের সময় ৩৭০টি কক্ষ নিয়ে আন্তর্জাতিক চেইন হোটেল ‘সুইসটেল’ করার পরিকল্পনা ছিল। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রুপের তিনটি কারখানা পুড়ে যাওয়ায় তারা বড় ধরনের আর্থিক সংকটে পড়েন। এই সংকট কাটিয়ে উঠতে এবং বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আইএফসি ও দেশি প্রতিষ্ঠান ইডকল থেকে নেওয়া ৩০০ কোটি টাকার বেশি ঋণসহ অন্যান্য ব্যাংকঋণ পরিশোধ করতেই মূলত ভবনটি বিক্রির উদ্যোগ নিয়েছে বেঙ্গল গ্রুপ।

বর্তমানে মতিঝিল ও দিলকুশাকেন্দ্রিক ব্যাংকগুলোর প্রধান কার্যালয় গুলশানের দিকে সরিয়ে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। পূবালী ব্যাংকও সেই ধারার অংশ হিসেবে নতুন এই ভবনের দিকে ঝুঁকেছে। ব্যাংকটির গত বছরের কর-পরবর্তী মুনাফা ১ হাজার ৯০ কোটি টাকা ছাড়িয়েছে এবং চলতি মাসের শুরুতে আমানতের পরিমাণ প্রথমবারের মতো লাখ কোটি টাকা অতিক্রম করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo