Facebook Twitter Instagram YouTube

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত


প্রকাশের সময় : আগস্ট ২২, ২০২৬, ১২:০২ অপরাহ্ণ /
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’তে বাংলাদেশের যোগদানের আগ্রহের বিষয়টি নয়াদিল্লি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রণধীর জয়সোয়াল বলেন, পশ্চিম এশিয়ায় যে ধরনের ঘটনাপ্রবাহ ঘটছে, ভারত তা অত্যন্ত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। এই মুহূর্তে এ বিষয়ে এর চেয়ে বেশি কিছু বলার নেই বলে তিনি উল্লেখ করেন। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এক সাক্ষাৎকারে ঢাকা এই মক্কা চুক্তিতে যোগ দেয়ার বিষয়ে আগ্রহী—এমন মন্তব্য করার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই প্রতিক্রিয়া এলো।

উল্লেখ্য, এই প্রতিরক্ষা চুক্তিটির মূল লক্ষ্য হলো স্বাক্ষরকারী তিন দেশের মধ্যে সম্মিলিত প্রতিরোধক্ষমতা ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা। চুক্তির শর্তানুযায়ী, এই তিন দেশের যেকোনো একটির ওপর কোনো সশস্ত্র হামলা হলে তাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে গণ্য করা হবে।

এদিকে একই সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে প্রশ্ন করা হলে রণধীর জয়সোয়াল জানান, এ বিষয়ে বর্তমানে নতুন কোনো তথ্য নেই। সফরের সময়সূচি চূড়ান্ত হলে তা গণমাধ্যমের কাছে প্রকাশ করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh