
আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের অফিসিয়াল লোগো উন্মোচন করা হয়েছে। একই সঙ্গে স্মার্টফোন ব্র্যান্ড টেকনোকে এই টুর্নামেন্টের অফিসিয়াল টাইটেল স্পন্সর হিসেবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাজধানীর একটি হোটেলে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং টেকনো বাংলাদেশের যৌথ আয়োজনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে লোগোটি উন্মোচন করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের ক্ষণগণনা আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
অনুষ্ঠানে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল, বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীসহ সার্কভুক্ত সাত সদস্য দেশের ফুটবল ফেডারেশনের প্রতিনিধি, জাতীয় দলের অধিনায়ক এবং বিভিন্ন করপোরেট অংশীদার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পুরুষোত্তম কাট্টেল টুর্নামেন্টের লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন এবং টেকনোকে টাইটেল স্পন্সর হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার ফুটবলের বিকাশে শক্তিশালী অংশীদারত্ব সময়ের দাবি। টেকনোর সঙ্গে এই সহযোগিতার ফলে টুর্নামেন্টের প্রচার, দর্শক সম্পৃক্ততা এবং বাণিজ্যিক সম্ভাবনা নতুন উচ্চতায় পৌঁছাবে।
বিশেষ অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর লোগো উন্মোচিত হয়। একই অনুষ্ঠানে সাফ এবং আইস্মার্টু টেকনোলজি বিডি লিমিটেডের মধ্যে টাইটেল স্পন্সরশিপ চুক্তি স্বাক্ষরিত ও বিনিময় করা হয়।
আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এটি হবে চতুর্থবারের মতো বাংলাদেশে আয়োজিত সাফ চ্যাম্পিয়নশিপ। এর আগে ২০০৩, ২০০৯ ও ২০১৮ সালে ঢাকায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ ২০০৩ সালে ঘরের মাঠে মালদ্বীপকে টাইব্রেকারে হারিয়ে নিজেদের ইতিহাসের একমাত্র সাফ শিরোপা জিতেছিল। এছাড়া ১৯৯৯ ও ২০০৫ সালে বাংলাদেশ রানার্সআপ হয়েছিল। আগামী ১ আগস্ট ভুটানের থিম্পুতে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে, যেখানে স্বাগতিক বাংলাদেশের গ্রুপ পর্বের প্রতিপক্ষ নির্ধারিত হবে।
আপনার মতামত লিখুন :