
ছোট পর্দার পরিচিত মুখ আব্দুন নূর সজল ও আশনা হাবিব ভাবনা এবার বড় পর্দায় জুটি হিসেবে আসছেন। 'যাযাবর' নামের একটি নতুন সারভাইভাল থ্রিলার ঘরানার সিনেমায় অভিনয়ের জন্য গত মাসেই তারা আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ হয়েছেন। বর্তমানে সিনেমাটির শুটিং শুরুর প্রস্তুতি চলছে।
পরিচালক তানবীর হাসান জানিয়েছেন, চলতি মাসের শেষ দিকে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হবে। সিনেমাটি সম্পর্কে নির্মাতা বলেন, এটি রোমাঞ্চ, ভায়োলেন্স ও সাসপেন্সে ভরপুর একটি গল্প। গল্পের প্রয়োজনেই সজল ও ভাবনাকে জুটি হিসেবে নির্বাচন করা হয়েছে। তিনি আরও বলেন, দর্শকদের জন্য সিনেমাটিতে নানা চমক থাকবে এবং তারা পুরো গল্প শেষ না করে হল থেকে উঠতে পারবেন না।
প্রথমবার বড় পর্দায় সজলের সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ভাবনা বলেন, সজল ভাই একজন অভিজ্ঞ অভিনেতা এবং তার সঙ্গে কাজ করাটা আমার জন্য আনন্দের। সিনেমার গল্পটি দারুণ এবং সবাই মিলে ভালো কিছু উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সজলও তার প্রতিক্রিয়ায় জানান, সিনেমার গল্পটি ভালো লেগেছে এবং গুণী অভিনেত্রী ভাবনার সঙ্গে প্রথমবার কাজ করার বিষয়টি নিয়ে তিনি আশাবাদী।
সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক তানবীর নিজেই। সিনে মিডিয়ার ব্যানারে নির্মিত এই সিনেমায় সজল ও ভাবনা ছাড়াও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, ইভান সাইর, সাদমান সামীর, আতিকা আফসানা, তানভীর মাসুদ, ওমর মালিক, সোহেল রানা ও ইকবালসহ আরও অনেকে।
আপনার মতামত লিখুন :