
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করা প্ল্যাটফর্ম ‘টুগেদার উই ক্যান’-এর উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী এক বিশেষ উৎসব। ‘মায়ের জন্য টুগেদার উই ক্যান’ শিরোনামের এই উৎসবটি আগামী ২১ ও ২২ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, যিনি মানবিক ও সচেতন নাগরিক হিসেবেও পরিচিত, এই আয়োজনের মূল উদ্যোক্তা।
উৎসবের সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মিলনায়তনের দরজা খোলা হবে এবং ৬টা ৫০ মিনিটে শুরু হবে ‘ধরণীর গান’। এই পর্বে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের সংগীত পরিবেশনার আয়োজন রাখা হয়েছে। এরপর রাত ৮টায় মঞ্চস্থ হবে কবি জসীম উদদীনের বিখ্যাত কাব্যোপন্যাস অবলম্বনে নির্মিত নাটক ‘সোজন বাদিয়ার ঘাট’। নাটকটি মঞ্চস্থ করবেন ক্যামেলিয়া শারমিন চূড়া ও তার দল।
এই আয়োজনের মূল লক্ষ্য হলো ক্যামেলিয়া শারমিনের মা শাহিন সুলতানার চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করা। শাহিন সুলতানা বর্তমানে চতুর্থ স্তরের রেকটাল ক্যানসারে আক্রান্ত এবং তার উন্নত চিকিৎসা অত্যন্ত জরুরি। এর আগে গাজীপুর সিটি কর্পোরেশনে একই প্ল্যাটফর্মের সহযোগিতায় মঞ্চনাটক প্রদর্শন করে ইতিবাচক সাড়া পেয়েছিলেন ক্যামেলিয়া। সেই অভিজ্ঞতার আলোকে এবার রাজধানীতে এই বড় আয়োজনটি করা হচ্ছে।
উৎসবের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ও ৫০০ টাকা। তবে শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ে ৩০০ টাকায় টিকিট সংগ্রহের সুযোগ রয়েছে। অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ এক ভিডিও বার্তায় বলেন, “সকলেই জানেন, ক্যানসার অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা; সেটা একা করা সম্ভব নয়। ‘টুগেদার উই ক্যান’-এর ফিলোসফি হলো, আমরা সহমর্মিতা ও বন্ধুত্বে বিশ্বাসী। আমরা একতায় বিশ্বাসী। তাই প্রথমবার টিকিট বিক্রি করে এরকম একটি আয়োজন করছি। তাই সকলের সহযোগিতা প্রত্যাশা করছি; আপনারা পরিবার ও বন্ধুদের নিয়ে আসুন।”
আপনার মতামত লিখুন :