
নিটসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লিতে চলমান আন্দোলনের মধ্যে পরিবেশবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুককে অনশন ভাঙার আহ্বান জানিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। একই সঙ্গে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের তাদের বাড়িতে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সালমান খান সোনমকে উদ্দেশ্য করে বলেন, 'সোনম, যথেষ্ট হয়েছে ভাই। অনশন আর দীর্ঘায়িত করো না। ভবিষ্যতে প্রয়োজন হলে সেই লড়াইয়ের শক্তি ধরে রেখো—যদিও আমার মনে হয়, আর তার প্রয়োজন হবে না। এখন কিছু খেয়ে নাও। চাইলে আমি তোমার জন্য বাড়ির রান্না করা খাবার পাঠিয়ে দিতে পারি।'
ভারতের লাদাখের শিক্ষা ব্যবস্থায় সংস্কারের উদ্যোগের জন্য পরিচিত সমাজকর্মী সোনম ওয়াংচুক গত ২৮ জুন থেকে অনশন শুরু করেন। শিক্ষা ব্যবস্থায় সংস্কার এবং প্রশ্নফাঁসের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার দাবিতে তিনি এই কর্মসূচি পালন করছেন।
শিক্ষার্থীদের বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ জানিয়ে সালমান খান বলেন, 'শিক্ষা ও নিরাপত্তা, উভয় ক্ষেত্রেই দেশের শিক্ষার্থীরাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। তাই তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই এবং তাদের অভিভাবকদেরও দুশ্চিন্তা করা উচিত নয়।'
সালমান খান আরও বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যেই এ বিষয়ে টুইট করেছেন। আমার বিশ্বাস, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেবেন। তাই শিক্ষার্থীদের বলব, আপনারা বাড়ি ফিরে যান এবং পরিবারের সঙ্গে থাকুন।' এর আগে এক পোস্টে সালমান খান শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি সমর্থনও জানিয়েছিলেন।
আপনার মতামত লিখুন :