Facebook Twitter Instagram YouTube

সালমান শাহ হত্যা মামলা: ডনের জামিন আবেদন নামঞ্জুর করল আদালত


প্রকাশের সময় : আগস্ট ১২, ২০২৬, ৩:০২ অপরাহ্ণ /
সালমান শাহ হত্যা মামলা: ডনের জামিন আবেদন নামঞ্জুর করল আদালত

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খল অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (১২ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

আদালতে আসামি পক্ষের আইনজীবী মো. তরিকুল ইসলাম (জুয়েল) জামিনের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আসামির জামিন আবেদনটি খারিজ করে দেন। জামিন আবেদনে দাবি করা হয়েছিল যে, এজাহারে হাজতি আসামি ডনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই এবং তিনি কথিত ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না, তাই তার জামিন পাওয়া আবশ্যক।

এর আগে গত ৯ আগস্ট ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। সৌদি আরবে ওমরাহ পালনে যাওয়ার সময় ইমিগ্রেশন থেকে সিআইডি তাকে আটক করে। ওইদিন বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক আরিফুর রহমান তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন—সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh