Facebook Twitter Instagram YouTube

সাতক্ষীরা কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি শ্যামনগরে গ্রেপ্তার


প্রকাশের সময় : আগস্ট ১২, ২০২৬, ৪:০০ অপরাহ্ণ /
সাতক্ষীরা কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি শ্যামনগরে গ্রেপ্তার

সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালানোর প্রায় দুই বছর পর দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে শ্যামনগর উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে মোজাম গাজী ও নওয়াবেঁকী গ্রামের আবের গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি এলাকা থেকে মোজাম গাজীকে এবং রাত সাড়ে ১০টার দিকে আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী এলাকা থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। মোজাম গাজী চেক ডিজঅনারের একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে সাতক্ষীরা জেলা কারাগারে ছিলেন। অন্যদিকে, রফিকুল ইসলাম চেক ডিজঅনারের মামলায় ১০ মাসের কারাদণ্ড ও ৯ লাখ ৮০ হাজার টাকা জরিমানায় দণ্ডিত ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর সাতক্ষীরা জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় কারাগারের নিরাপত্তাব্যবস্থার সুযোগ নিয়ে ৮৭ বন্দি পালিয়ে যান। তাদের মধ্যে মোজাম গাজী ও রফিকুল ইসলামও ছিলেন। কারাগার থেকে পালানোর পর তারা দুজনই নিজ নিজ এলাকায় ফিরে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালানো দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হবে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ৮৭ বন্দির বিরুদ্ধে ১৫ আগস্ট কারা কর্তৃপক্ষ মামলা করে। পুলিশ জানায়, এ ঘটনায় বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৪৬ জন গ্রেপ্তার হয়েছেন এবং এখনো ৪১ জন পলাতক রয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh