
হুলিয়ান আলভারেজকে পাওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসায় বার্সেলোনা তাদের আক্রমণভাগ শক্তিশালী করার পরিকল্পনায় নতুন লক্ষ্য নির্ধারণ করেছে। কাতালান ক্লাবটির কোচ হান্সি ফ্লিকের নতুন পছন্দ এখন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজ। যদিও শুরু থেকেই বার্সার পরিকল্পনায় আলভারেজ ছিলেন এবং খেলোয়াড় নিজেও সেখানে যোগ দিতে আগ্রহী ছিলেন, কিন্তু আতলেতিকো মাদ্রিদ তাকে ছাড়তে নারাজ। ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে আর মাত্র ১০ দিন বাকি থাকায় আলভারেজকে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছে বার্সেলোনা।
স্প্যানিশ সংবাদমাধ্যম এল চিরিঙ্গাতোর প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনা ইতিমধ্যে লাউতারোর সঙ্গে ব্যক্তিগত শর্তের বিষয়ে নীতিগত সমঝোতায় পৌঁছেছে। বার্সার ক্রীড়া পরিচালক দেকোর উপস্থিতিতে লাউতারোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর চুক্তির শর্তগুলো প্রায় চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। এখন বার্সেলোনা তাদের প্রথম আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানোর প্রস্তুতি নিচ্ছে, যা আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ইন্টার মিলানের কাছে পৌঁছাতে পারে। তবে ধারণা করা হচ্ছে, এই প্রস্তাব ১০ কোটি ইউরোর নিচে থাকতে পারে।
লাউতারোকে দলে ভেড়ানোর ক্ষেত্রে বার্সার জন্য সবচেয়ে বড় বাধা ইন্টার মিলান। ইতালিয়ান ক্লাবটি তাদের অধিনায়ককে বিক্রি করতে রাজি নয় এবং তাকে 'বিক্রিযোগ্য নয়' এমন খেলোয়াড়দের তালিকায় রেখেছে। এছাড়া হাতে সময় খুব কম থাকায়, এই মুহূর্তে লাউতারোকে বিক্রি করলে নতুন স্ট্রাইকার খুঁজে নেওয়ার পর্যাপ্ত সুযোগ ইন্টারের থাকবে না। ইন্টারের হয়ে ৩৭৬ ম্যাচে ১৭৫ গোল ও ৫৬টি অ্যাসিস্ট করা এই ফরোয়ার্ডের দলবদল বাস্তবে ঘটার সম্ভাবনা এখনো বেশ কম। তবুও বার্সেলোনা তাদের আগ্রহ ধরে রেখেছে এবং লাউতারোর পাশাপাশি আরও কয়েকজন ফরোয়ার্ডকে নজরদারিতে রেখেছে।
আপনার মতামত লিখুন :