
সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী ও ১২টি বুলু নেট জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রমজাননগর ইউনিয়ন পরিষদের সহায়তায় বেসরকারী সংস্থা সিএনআরএস কর্তৃক খননকৃত অন্তাখালী খালে এই অভিযান চালানো হয়।
শ্যামনগর উপজেলা মৎস্য অফিসের সিনিয়র অফিসার মো. তৌহিদ হাসানের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মো. মুজিবর রহমান। এ সময় রমজাননগর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা অভিযানে সহযোগিতা করেন। অভিযান শেষে জব্দকৃত জালগুলো পরিবেশ রক্ষা ও দেশীয় মাছের প্রজনন সংরক্ষণের স্বার্থে অন্তাখালী এলাকায় জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান প্রসঙ্গে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. তৌহিদ হাসান বলেন, চায়না দুয়ারী ও বুলু নেট জাল সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শ্যামনগর এলাকায় এ ধরনের নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এ ধরনের জাল অবাধে ব্যবহারের ফলে জলাশয়ের ছোট-বড় সব ধরনের মাছ, পোনা ও জলজ প্রাণি হুমকির মুখে পড়েছে। মৎস্য সম্পদ সংরক্ষণে উপজেলা মৎস্য অফিসের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করছেন।
আপনার মতামত লিখুন :