Facebook Twitter Instagram YouTube

২৬ দিন পর অনশন ভাঙলেন লাদাখের অধিকারকর্মী সোনম ওয়াংচুক


প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ৯:১৯ পূর্বাহ্ণ /
২৬ দিন পর অনশন ভাঙলেন লাদাখের অধিকারকর্মী সোনম ওয়াংচুক

লাদাখের অধিকারকর্মী সোনম ওয়াংচুক দীর্ঘ ২৬ দিন পর তার অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি এই সিদ্ধান্ত নেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সোনম ওয়াংচুক জানান, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং এবং লেহ লাদাখ অ্যাপেক্স বডির শীর্ষ নেতাদের উপস্থিতিতে তিনি অনশন ভেঙেছেন। তিনি উল্লেখ করেন যে, বিভিন্ন রাজনৈতিক দলের ৬৫ জন সংসদ সদস্য সরাসরি অথবা চিঠির মাধ্যমে তাকে অনশন ভাঙার অনুরোধ জানিয়েছিলেন। মূলত বিভিন্ন শর্ত নিয়ে দীর্ঘ আলোচনা এবং দেশে সম্ভাব্য সহিংসতা এড়ানোর বিষয়টি বিবেচনা করেই তিনি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।

অনশন ভাঙার শর্তগুলো নিয়ে বিস্তারিত তথ্য শিগগিরই একটি আলাদা ভিডিওর মাধ্যমে প্রকাশ করবেন বলে জানান সোনম। একই সঙ্গে, কোথাও যেন কোনো ধরনের সহিংসতা না ছড়ায়, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে সোনম ওয়াংচুকের অনশন ভাঙার খবর পাওয়ার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দিয়েছেন। সেখানে তিনি সোনমকে চিকিৎসকদের পরামর্শ মেনে চলার এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার অনুরোধ জানানোর পাশাপাশি তার দীর্ঘায়ু কামনা করেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin