
২০২৬ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে রেফারিং নিয়ে সতর্কবার্তা দিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। আগামী রোববার (১৯ জুলাই) নিউজার্সির স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিতব্য এই ফাইনাল ম্যাচটি পরিচালনা করবেন স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিক। উল্লেখ্য, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলের ঐতিহাসিক জয়ের ম্যাচটিতেও দায়িত্বে ছিলেন এই রেফারি।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-কে দেওয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, রেফারি মাঠে কোনো ধরনের শৈথিল্য দেখাতে পারেন না এবং নিয়ম ভাঙার সুযোগ কাউকে দেওয়া উচিত নয়। ফুটবলের বৈধতার সীমারেখা কোনোভাবেই অতিক্রম করা যাবে না বলে তিনি মন্তব্য করেন। তবে একই সঙ্গে তিনি রেফারিদের ওপর নিজের পূর্ণ আস্থার কথাও জানিয়েছেন।
স্পেন কোচ বলেন, রেফারিদের পাশাপাশি নিজের দলের ওপরও তার অগাধ আস্থা রয়েছে। তিনি মনে করেন, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কী ধরনের পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হয়, তা তার দল ভালোভাবেই জানে। দুই দলের খেলোয়াড়দের দক্ষতা ও প্রতিভার মিল থাকায় ফাইনালটি একটি নান্দনিক ও আক্রমণাত্মক ফুটবল প্রদর্শনী হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
দে লা ফুয়েন্তে আরও বলেন, বিশ্বকাপ ফাইনালের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ম্যাচ উপভোগ করতে ফুটবল বিশ্ব অধীর অপেক্ষায় আছে। তিনি আশা করেন, রেফারি ম্যাচের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় দক্ষতার সঙ্গে সামাল দেবেন, যাতে উভয় দল নিজেদের সেরাটা তুলে ধরতে পারে।
আপনার মতামত লিখুন :