
স্পেনের মাদ্রিদ অঞ্চল এবং রাজধানীর পার্শ্ববর্তী আভিলা প্রদেশে ভয়াবহ দাবানলের কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) গভীর রাতে আগুনের তীব্রতা দ্রুত ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার জরুরি পদক্ষেপ গ্রহণ করে। আগুন নেভানো ও উদ্ধারকাজ পরিচালনার জন্য সামরিক বাহিনীর বিশেষ জরুরি ইউনিট মোতায়েন করা হয়েছে।
দাবানলের কারণে মাদ্রিদ অঞ্চলে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভোরে মাদ্রিদ থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের আলদেয়া দে ফ্রেসনো শহরের সাড়ে তিন হাজার বাসিন্দাকে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়া আভিলা প্রদেশে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বুরগোহোন্দো, এল তিয়েমব্লো ও নাভালুয়েঙ্গা এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে। একই সঙ্গে এল তিয়েমব্লোর একটি পর্যটন কেন্দ্র এবং একটি আবাসন প্রকল্প থেকে আরও প্রায় ১ হাজার ৫০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
সবচেয়ে বড় দাবানলটি রাজধানী মাদ্রিদ থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে গুয়াদালাহারা প্রদেশে ছড়িয়ে পড়েছে। গত বৃহস্পতিবার থেকে সেখানে প্রায় ৩২ হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, দাবানল নিয়ন্ত্রণে সরকার সব ধরনের সম্পদ ব্যবহার করছে। তিনি সবাইকে সতর্ক থাকার এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।
ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত স্পেনে প্রায় ১ লাখ ২৫ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে। গত বছর পুরো বছরে পুড়েছিল প্রায় ৩ লাখ ৯৩ হাজার হেক্টর এলাকা।
আপনার মতামত লিখুন :