
প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সম্ভাবনা নিয়ে চলা গুঞ্জনের মধ্যে থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়ে স্পষ্টভাবে কিছু বলেননি স্পিকার। তিনি বলেন, 'আমি দেশের বাইরে ছিলাম। সুতরাং এখানে কে পদত্যাগ করলো, কী করলো আমার কিছুই জানা নেই। এখন হয়ত জানতে পারবো।'
প্রেসিডেন্টের পদত্যাগের খবরের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, 'আপনারা যেমন শুনেছেন, আমিও সেই রকমই শুনেছি।'
সাংবিধানিক প্রক্রিয়ার বিষয়ে স্পিকার বলেন, 'যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন, তাহলে স্পিকারের কাছে পদত্যাগ করবেন। আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবে। এই হলো সংবিধানের পজিশন।'
প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের শুক্রবার বা শনিবার পদত্যাগ করতে পারেন এমন খবরের মধ্যেই স্পিকারের দেশে ফেরার ঘটনাটি ঘটল। সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টকে পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিতে হয় এবং প্রেসিডেন্টের পদ শূন্য হলে স্পিকারকে সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে হয়।
আপনার মতামত লিখুন :