
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ থাইল্যান্ডের ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছেন। আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্পিকারের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিকিৎসার জন্য গত ১৯ জুলাই তিনি ঢাকা থেকে ব্যাংককে গিয়েছিলেন।
নির্ধারিত সময়ের দুই দিন আগেই স্পিকারের এই আগাম দেশে ফেরা রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের আলোচনাকে আরও জোরদার করেছে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দেন স্পিকারের কাছে এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
গত কয়েক দিন ধরেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি আলোচনার কেন্দ্রে রয়েছে। বিভিন্ন দায়িত্বশীল সূত্র জানিয়েছে, তিনি আজ-কালের মধ্যে পদত্যাগ করতে পারেন। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গতকাল রাষ্ট্রপতি বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিদায়ের প্রস্তুতির কথা জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স গতকাল রাত ১০টা ২৩ মিনিটে প্রকাশিত এক খবরে জানিয়েছে, তিনটি সূত্রের তথ্যানুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করবেন। তবে বিষয়টির সংবেদনশীলতার কারণে সূত্রগুলোর কেউই পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি।
উল্লেখ্য, ৭৫ বছর বয়সী মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগ সরকারের সময় ২০২৩ সালের ২৪ এপ্রিল পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন। সেই অনুযায়ী ২০২৮ সালের এপ্রিলে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
আপনার মতামত লিখুন :